জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদ। এই নির্মাতা তার ক্যারিয়ারে প্রায় ৫শ বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। যার মধ্যে অনেক বিজ্ঞাপনচিত্রই হয়েছে আলোচিত। বলতে গেলে দেশে যে কয়েকজন আলোচিত বিজ্ঞাপন নির্মাতা আছেন, তাদের মধ্যে তিনিও অন্যতম।
আবারও রানা মাসুদ ইউনিসেফ প্রযোজিত বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন। এর আগেও আয়োডিনযুক্ত লবণের একটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন তিনি। এবার নির্মাণ করলেন ডেঙ্গুর ওপর সামাজিক সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্র। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। গল্পভিত্তিক এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন মডেল, অভিনেতা পাভেল ইসলাম, ইন্দ্রাণী ঘটক এবং একজন শিশুশিল্পী। ক্যামেরায় ছিলেন টিডব্লিউ সৈনিক।
দেশের বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন হয়। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।
এ সম্পর্কে রানা মাসুদ বলেন, ‘আসলে অনেক দিন পর আমি ইউনিসেফের জন্য জনসচেতনতামূলক একটি কাজ করতে পেরে আনন্দিত। কারণ একজন নির্মাতা হিসেবে আমার সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দেশে ডেঙ্গুর প্রকোপ এত বেশি যে, এ ধরনের কাজ মানুষকে সচেতন করবে এবং ডেঙ্গু প্রতিরোধ করতে সাহায্য করবে। এর আগেও আমি ইউনিসেফের কাজ করেছিলাম। তবে এবার একটু ব্যতিক্রম এবং বড় পরিসরে কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি রানা মাসুদ দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি ডকুফিল্ম নির্মাণ করেছেন। এগুলো হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিবাস’ (দ্য রেসিডেন্স), ‘আতর’ এবং ডকুফিল্ম ‘দ্য ব্যাটেলস অব বিলোনিয়া’। সবগুলোই পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন রানা মাসুদ। দুটি চলচ্চিত্রই দেশ এবং দেশের বাইরে বেশ কয়েকটি উৎসবে পুরস্কৃত এবং প্রদর্শিত হয়েছে।
জাহ্নবী