প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড সনি মিউজিকের কাছে গানের স্বত্ব বিক্রি করেছে। প্রায় ৪০ কোটি ডলারে এই স্বত্ব বিক্রি হয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। ৩ অক্টোবর এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।
ব্যান্ডের মূল সদস্য রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর, নিক ম্যাসন, কিবোর্ডিস্ট রিচার্ড রাইট ও মূল গায়ক-গীতিকার সিড ব্যারেটের প্রতিনিধিদের মধ্যে বহু বছরের দর কষাকষি ও আইনি লড়াইয়ের অবসান হয়েছে এই চুক্তির মাধ্যমে।
২০০৫ সালে লাইভ এইট কনসার্টে প্রায় ২৪ বছর পর পিংক ফ্লয়েড ব্যান্ডের সদস্যদের পুনর্মিলনী হয়। স্বত্ব বিক্রি নিয়ে ব্যান্ডের দুই মূল সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে চলছিল দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই। অবশেষে সমঝোতার মাধ্যমে এই চুক্তি করেছেন। জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে। এ ছাড়া পিংক ফ্লয়েডসংক্রান্ত বাকি প্রায় সব কিছুরই মেধাস্বত্ব পেতে যাচ্ছে সনি। পিংক ফ্লয়েডের নাম সম্বলিত পণ্য, গানের ভিত্তিতে তৈরি নাটক- এসব থেকে এখন অর্থ পাবে সনি।
তবে ব্যান্ডের সদস্যরা বা সনি মিউজিক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করেছে, তাদের কাছে এই চুক্তির চূড়ান্ত শর্তগুলো সম্পর্কে তথ্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সনি মিউজিক বিভিন্ন ব্যান্ড ও গায়ক-গায়িকার সংগীত ক্যাটালগ কেনার জন্য হাজার কোটি ডলার খরচ করেছে। তাদের মালিকানায় রয়েছে ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান ও কুইনের মতো বড় বড় ব্যান্ড ও শিল্পীরা।