বাঙালি অভিনেত্রী হয়েও বলিউডে খ্যাতি পেয়েছেন বিদ্যা বালান। তার অভিনীত অনেকগুলো ছবিই হয়েছে সুপারহিট। বলিউডে নন্দিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত তিনি। বিদ্যা অভিনীত ‘পরিণীতা’, ‘পা’ ও ‘ডার্টি পিকচার’ ‘কাহানি’ ছবিগুলোর নাম সবারই জানা। তিনি অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কারও।
এবার বিদ্যা বালানের গোপন কথা ফাঁস করলেন কাহানি সিনেমার পরিচালক সুজেয় ঘোষ। বাঙালি এই পরিচালক জানালেন কাহানি সিনেমায় বিদ্যা বালানের পোশাক বদলের গল্প। তিনি জানান, কম বাজেটের ছবি ছিল ‘কাহানি’। তাই নায়িকার জন্য ‘ভ্যানিটি ভ্যান’ ভাড়া করার ক্ষমতা ছিল না। এদিকে কলকাতার রাস্তায় একের পর এক শুট চলছে। কোথায় পোশাক বদলাবেন তিনি? বিদ্যা বালান রাজি হয়ে যান নিজের গাড়িতে পোশাক বদলাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাহানি’-এর পরিচালক সুজয় ঘোষ জানিয়েছেন এমনই এক তথ্য।
সুজয় বলেন, ‘আমাদের পক্ষে বিদ্যাকে একটি ভ্যানিটি ভ্যান দেওয়া সম্ভব ছিল না। আবার শুটিং বন্ধ রাখাও সম্ভব ছিল না। খুব অল্প বাজেটে কাজ করছিলাম আমরা। বিদ্যা নিজের গাড়িতেই পোশাক বদলান প্রতিবার। আমরা মাঝরাস্তায় ওর গাড়ি একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতাম। তারই মধ্যে তৈরি হয়ে নেমে আসতেন পরের শটের জন্য।’
সুজয় আরও বলেন, ‘আমার ছবিতে কাজ করতে অস্বীকার করতে পারতেন বিদ্যা। কারণ তার আগে আমার ছবি ‘আলাদিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। স্বল্প বাজেটের ছবি। কিন্তু বিদ্যা ঠিক অমিতাভ বচ্চনের মতো ‘মেগাস্টার’, শাহরুখ খানের মতো ‘সুপারস্টার’।’
জাহ্নবী