কিছুদিন আগেই দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে শেরপুর, ময়মনসিংহসহ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সরকারি ও বেসরকারিভাবে অনেকেই দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে।
এবার শ্বশুরবাড়ি অঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে এগিয়ে গেছেন ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা। বন্যাদুর্গতদের এলাকায় প্রায় ৩ হাজার লোকের জন্য খিঁচুড়ি রান্না করে খাওয়ালেন এই শিল্পী।
গত ৬ অক্টোবর বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সালমা। ৭ অক্টোবর আরও ৩ হাজার মানুষকে সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।
এ সম্পর্কে সালমা বলেন, ‘মানুষের কষ্ট দেখে আমি ঘরে বসে থাকতে পারিনি। সাধ্য মতো তাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি অনেক সম্পদশালী হলে ব্যাপক আকারে আরও মানুষকে সাহায্য করতে পারতাম। কেউ যদি এই বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্য আমার সঙ্গে কাজ করতে চান, তাকে স্বাগত জানাব। দেশের মানুষকে অনুরোধ করব, সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন।’
এদিকে নিজের শিশুকন্যা সাফিয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়েছেন। ২০১৮ সালে চালু করার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সাহায্য করছে সংস্থাটি। ফেসবুকে একটি পোস্ট দিয়ে সালমা জানান, ‘সাফিয়া ফাউন্ডেশন ৭ অক্টোবর ৩ হাজার মানুষের জন্য খাবার, সুপেয় পানি নিয়ে গেছে।’
জাহ্নবী