‘হাওয়া’ সিনেমাটি অন্যরকম এক আলোড়নের নাম। নিজের প্রথম সিনেমা নির্মাণ করে চারদিকে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন পরিচালক মেজবাউর রহমান সুমন। ছবির গান, গল্প, অভিনয় ও নির্মাণ সবকিছুই দর্শকদের পছন্দের তালিকায় ছিল। ব্যবসায়িক সাফল্যও পায় দারুণ। ছবির নায়িকা ছিলেন নাজিফা তুষি।
নির্মাতা সুমন তার ক্যারিয়ারে দ্বিতীয় ছবি নির্মাণ করছেন। এই সিনেমার নাম ‘রইদ’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। এই সিনেমার প্রযোজকও ছিলেন জয়া। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমা নির্মাণের ক্ষেত্রে সুমনের দেরি এবং জয়ার সঙ্গে তার অজানা মনোমলিন্যের কারণেই এ থেকে সরে দাঁড়ান জয়া আহসান। সরকারের কাছে পাওয়া অনুদান ফেরতও দেন তিনি। টাকা ফেরতের কথা সে সময় গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন তথ্য মন্ত্রণালয়।
জয়া বলেছিলেন, যেহেতু সময়মতো সিনেমাটি নির্মাণ করা হচ্ছে না তাই আমি সরকারের অনুদান ফেরত দিয়েছি। কারণ নির্দিষ্ট একটা সময়ে অনুদানের সিনেমা নির্মাণ করতে হয়। যাতে আমাদের কোনো বদনাম না হয় এ জন্য আমি টাকাটা ফেরত দিয়েছি।’
নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেছিলেন, ‘সিনেমাটি আমি নির্মাণ করব, তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে এটা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। জয়ার প্রযোজনায় আর সিনেমাটি হচ্ছে না।’
তিনি সে সময় আরও বলেছেন, ‘অভিনয়ে জয়া থাকবেন কি না সেটাও বলতে পারছি না। তবে নতুন প্রযোজক কেউ থাকবে এটা বলাই যায়।’ অবশেষে তিন বছর আগে ঘোষণা দেওয়া ‘রইদ’ সিনেমার কাজ শুরু করেছেন নির্মাতা সুমন। জানা গেছে, শ্রীমঙ্গলে চলছে এর শুটিং। আর প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে বেঙ্গল ক্রিয়েশনস।
এবার এই সিনেমার নায়িকা হয়ে কাজ করছেন সুমনের প্রথম সিনেমার নায়িকা নাজিফা তুষি। আর তুষির বিপরীতে দেখা যাবে মোস্তাফিজ নূর ইমরানকে।
তবে এ বিষয়ে মুখ খুলেননি সিনেমাসংশ্লিষ্ট কেউই। শুটিং শেষ না করে আনুষ্ঠানিকভাবে এ সিনেমা নিয়ে কোনো তথ্যও দিতে চান না সুমন। এখন দেখা যাক জয়ার পরিবর্তে তুষি কতটা আলো ছড়াতে পারেন রুপালি পর্দায়। নাকি হাওয়া সিনেমার মতই তুষির দাপট দেখবে দর্শক। এর জন্য দর্শকদের করতে হবে অপেক্ষা।
হাসান