হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অনেক দিন ধরেই একা জীবন উপভোগ করছিলেন। তবে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও নাকি প্রেমে মজেছেন ৪৯ বছর বয়সী খ্যাতিমান এই তারকা। এবার সেই প্রেমিক প্রকাশ্যে এলেন।
হলিউড ও নেট দুনিয়ায় বহুল চর্চিত জোলির প্রেমিকের নাম আকালা। তিনি পেশায় একজন ব্রিটিশ র্যাপার ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট।
গত শুক্রবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৬৮তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে জোলির নতুন সিনেমা ‘মারিয়া’ প্রিমিয়ার হয়। সেখানে জোলিকে সমর্থন দিতে দেখা গেছে তার প্রেমিক আকালাকে।
এ ছাড়া অনুষ্ঠানে জোলি ও আকালার সাজগোজেও যথেষ্ট মিল ছিল, যা দেখে ভক্ত-দর্শকদের মনে সন্দেহ দানা বেঁধেছে।
আকালা কালো রঙের কোটের ওপর কালো ট্রাউজার পরেছিলেন। অন্যদিকে জোলিও কালো লো ব্লাউজের ওপর কোট এবং কালো বুট পরেছিলেন।
শুধু তা-ই নয়, এই র্যাপারের সঙ্গে সম্প্রতি বেশ কিছু জায়গায়ও দেখা গেছে জোলিকে। এমনকি জোলি তার মেয়েকে নিয়ে আকালার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও গিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে জোলি ও আকালাকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। এরপর গুঞ্জনের ডালপালা মেলতে থাকে।
তবে সম্পর্ক নিয়ে এখনো জোলি ও আকালা কেউই মুখ খোলেননি। জোলির এক কাছের সূত্র এটিকে শুধুই বন্ধুত্ব দাবি করেছে।
একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয়ে নাকি জোলি ও আকালার একই রকম আবেগ কাজ করে। তারা বছরজুড়ে মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করেছেন। জোলি আকালা সম্পর্কেও উঁচু ধারণা পোষণ করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতা জেরোমি করবিনের জন্য কাজ করার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন আকালা। এর আগে তিনি মূলত একজন র্যাপারই ছিলেন।
হাসান