বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও এসেছে নানা পরিবর্তন। চলচ্চিত্র, টেলিভিশন নাটকপাড়ার পাশাপাশি এবার পরিবর্তন আসছে মঞ্চনাটকেও।
সেই ধারাবাহিকতায় নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ, দাবি আদায় এবং তাদের শৈল্পিক উৎকর্ষ উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে মঞ্চপাড়ায় নতুন সংগঠন ‘থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা’ (টাড)।
গত শনিবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নাট্যদল প্রাচ্যনাটের কর্ণধার জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত হয়েছে একটি নতুন কমিটি। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে আজাদ আবুল কালামসহ আরও রয়েছেন ফয়েজ জহির, তৌফিকুল ইসলাম ইমন, আসাদুল ইসলাম, শামীম সাগর, কাজী রোকসানা রুমা, রেজা আরিফ ও সাইফ সুমন।
কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে গঠিত হয়েছে এই সংগঠন। এর মধ্যে রয়েছে- ঢাকা মহানগরে সক্রিয় নাট্যচর্চায় মঞ্চে বা মঞ্চের নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে তোলা, সামগ্রিক কল্যাণে কাজ করা, তাদের স্বার্থ রক্ষা, অসচ্ছল/অসুস্থ সদস্যদের আপদকালীন সাহায্যের জন্য কল্যাণ তহবিল পরিচালনা, ক্যাফে, লাইব্রেরি সুবিধাসহ থিয়েটার ক্লাব প্রতিষ্ঠা, থিয়েটারকে পেশা হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, থিয়েটার কমপ্লেক্স প্রতিষ্ঠা, নাট্যশিল্পীদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার আয়োজন এবং দেশি-বিদেশি নাট্যশিল্পীদের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা।
সংগঠনটির উদ্যোক্তারা মনে করেন, বাংলাদেশে থিয়েটার দলগুলোর সমন্বয়ে গঠিত একাধিক সংগঠন থাকলেও নাট্যশিল্পীদের নিজস্ব অধিকার, স্বার্থ ও দাবি আদায় এবং তাদের শৈল্পিক উৎকর্ষ উন্নয়ন করবে এমন সংগঠন গড়ে ওঠেনি। জাতীয় পর্যায়ে নয়, বরং নাট্যশিল্পীদের স্থানীয়ভাবে নিজ নিজ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কেননা নাট্যশিল্পীদের লড়াইয়ের প্রেক্ষাপট অঞ্চলভেদে স্বতন্ত্র। তাই ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় যুক্ত নাট্যশিল্পীদের প্রতিনিধিত্বকারী এ প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ নেন তারা।
জাহ্নবী