ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে বিরতিতে থাকলেও অভিনয়ে এখন নিয়মিত হয়েছেন তিনি। তার একমাত্র কন্যা আনাহিতা রহমানের বয়স এখন তিন বছর। তবে আনাহিতার যখন এক বছরও পূর্ণ হয়নি তার আগে থেকেই বিরতির পর শখ আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো তিনি অভিনয়ে নিয়মিত। এরই মধ্যে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন শখ।
যার মধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভুত পরিবার’ নাটকটি এরই মধ্যে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদের নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে।
এদিকে আগামীকাল শুক্রবার শখের জন্মদিন। তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুলজীবনের এক বান্ধবীর বিয়েতে তাকে ফরিদপুরে থাকতে হবে। সেখানে তিনি আনাহিতাকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘুরে বেড়াবেন।
শখ বলেন, ‘এই সময়টায় অভিনয়ে আমার জীবনে আবারও ছন্দ ফিরে এসেছে। আমি আমার মতো করে নিজের ভালো লাগার গল্পে কাজ করতে পারছি। এরই মধ্যে নতুন প্রচার চলতি ধারাবাহিক নাটক অদ্ভুত পরিবারের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেই সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছি অচিনপুর ও জেন-জি ধারাবাহিক দুটির জন্য। কারণ দুটি ধারাবাহিকেই আমার অভিনীত চরিত্র আমার ভীষণ পছন্দ। বিশেষত কায়সার আহমেদ ভাইয়ের অচিনপুর ধারাবাহিকের কথা বলতেই হয়। কায়সার ভাই একজন সিনিয়র নির্মাতা। ভীষণ গুণী ও বিনয়ী একজন নির্মাতা তিনি। তার নির্দেশনায় কাজ করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। বাকি দুজন তরুণ পরিচালকও ভীষণ মেধাবী। জন্মদিনে সবার দোয়া চাই, যাতে পরিবারের সবাইকে নিয়ে দিনটি ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি।’
অন্যদিকে শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন শখ। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত বিস্তারিত জানাতে পাারছেন না। এ ছাড়া নতুন নতুন বিজ্ঞাপনেও তার কাজ করা কথা রয়েছে।
শখ মূলত একজন নৃত্যশিল্পী। যে কারণে বিশেষ বিশেষ দিবসে তাকে বিভিন্ন স্টেজ শোতে নৃত্য পরিবেশন করতেও দেখা যায়। শখ এখন পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি প্রয়াত এমবি মানিকের ‘বলো না তুমি আমার’। অন্যটি সানিয়াদ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। দুটি সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান ও নিলয় আলমগীর।
হাসান