চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে চলচ্চিত্র। এর নাম ‘নয়া মানুষ’। এটি নির্মাতা সোহেল রানা বয়াতি পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। এবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতি পেল।
গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় ছবিটি। ২ অক্টোবর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মস-এর প্রযোজনায় চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুততম সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
সিনেমায় সুজলা চরিত্রে অভিনয় করা মৌসুমী হামিদ বলেন, ‘চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাহিনি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
হাসান