অভিনেতা ও গায়ক এফএস নাঈম। বর্তমানে নাটকের চেয়ে ওয়েব ওটিটি প্ল্যাটফর্মের কাজেই বেশি ব্যস্ততা তার। ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি।
ওয়েব কনটেন্টে ব্যস্ত হওয়ায় নাটকে তাকে দেখাই যায় না। এবার নাটকে বিরতি ভাঙলেন এই অভিনেতা। দীর্ঘদিন পর ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নামের একটি নাটকে কাজ করলেন নাঈম। প্রশান্ত অধিকারীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটিতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
নাটকে ফেরা প্রসঙ্গে নাঈম বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্প দেখতে চায়, নাটকের গল্পটি তেমনই। গল্পই আমাকে এ নাটকের কাজে আগ্রহী করে তুলেছে। অনেক বছর পর তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেও ভালো লেগেছে। ওয়েব ও সিনেমায় ব্যস্ততা বেড়েছে বলেই নাটকে কাজ করব না এমনটি নয়, ভালো গল্প পেলে আবারও নাটকে কাজ করব।’
জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এ নাটকটি ছাড়াও নাঈম সম্প্রতি শেষ করেছেন ‘শেকড়’ নামে একটি সিনেমার কাজ। এতে তিনি জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী আইশা খানের সঙ্গে। সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে।
হাসান