বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ভুল ভুলাইয়া’। ২০২২ সালে এটির দ্বিতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া ২’-এর সফলতার পর এবার এর তৃতীয় কিস্তি মুক্তির দ্বারপ্রান্তে। আগামী ১ নভেম্বর ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগে ভক্তদের নতুন চমক দিলেন নির্মাতারা।
গত শুক্রবার ফ্র্যাঞ্চাইজির সফলতম গান ‘আমি যে তোমার ৩.০’ প্রকাশ করেছে তারা। সেখানে বলিউডের নন্দিত তারকা মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান নাচের মাধ্যমে এক মহাকাব্যের জন্ম দিয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তুলেছে।
‘আমি যে তোমার ৩.০’ গানটি লিখেছেন সমীর, আর কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের নতুন সংস্করণটির আয়োজনে ছিলেন অমল মল্লিক। আর শাস্ত্রীয় নৃত্যের মন্ত্রমুগ্ধ মিশ্রণ গানটিতে ফুটিয়ে তোলার দায়িত্বে ছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ।
আনিস বাজমির পরিচালনায় ভূষণ কুমারের প্রযোজনায় সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি প্রমুখ। তারকাখচিত সিনেমাটি ইতোমধ্যে দিয়ালির অন্যতম আকাঙ্ক্ষিত বলিউড সিনেমায় পরিণত হয়েছে। তবে বক্স অফিসে সিনেমাটিকে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এর জন্য বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে, সিনেমা দুটি বক্স অফিসে রোমাঞ্চকর এক লড়াইয়ের জন্ম দেবে।
হাসান