বৈশ্বিক লোকগানকে ধারণ করে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা পাঁচবার অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০২০ সালে মহামারি করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি উপমহাদেশের সবচেয়ে বড় এই লোকগানের জনপ্রিয় আসর।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শোনা যাচ্ছিল আবারও শুরু হচ্ছে আলোচিত এই উৎসবটি। তবে এতদিন তা শুধুই ছিল গুঞ্জন। এবার গুঞ্জন ছাপিয়ে অবশেষে চূড়ান্তভাবে জানা গেল ৫ বছর পর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে আলোচিত ‘ফোক ফেস্ট’। আয়োজক প্রতিষ্ঠান সেটি নিশ্চিত করে ঘোষণা করেছেন।
আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস জানিয়েছে আগামী জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর। আয়োজক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আর্মি স্টেডিয়ামের অনুমতি পাইনি বলে এতদিন বিষয়টি বলা হয়নি। সম্প্রতি অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর। এটাই চূড়ান্ত’।
এবারের উৎসবে দেশ-বিদেশের কোন কোন কিংবদন্তি শিল্পীরা অংশ নেবেন, সেটিও এর মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শতভাগ চূড়ান্ত হলেই সংবাদ সম্মেলন করে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেই জানান তানভীর হোসেন।
লোকগানের সুর বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।
কলি