একসময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। আবারও বিয়ে করেছেন তিনি। তবে অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এই মডেল-অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।
সম্প্রতি সুজানা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের ওপর লেখা- ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।
ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা যায়। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তবে সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, জায়াদ দুবাইয়ের শেখ।
এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেন সুজানা। বিয়ের মাত্র চার মাস পরই ফয়সালের সঙ্গে ডিভোর্স হয় সুজানার। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন এই মডেল-অভিনেত্রী। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যেও শুরু হয় মনোমালিন্য। হৃদয় খানের সঙ্গে আট মাসের মাথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুজানা।
হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। তবে কয়েক বছর শোবিজ থেকে একেবারেই দূরে আছেন এই অভিনেত্রী। এখন তিনি ধর্মকর্মে মন দিয়েছেন। সুজানার বছরের বেশির ভাগ সময়ই এখন বিদেশে কাটে। ইদানীং তিনি দুবাইয়ে থাকছেন। কারণ সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।
সর্বশেষ জানা যায়, ফ্যাশন হাউসের ব্যবসা নিয়েই সময় কাটছে সুজানার। তার হাউসের বেশির ভাগ জিনিস তিনি দুবাই থেকে নিয়ে আসেন। পাশাপাশি নিজেও ডিজাইন করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো লাগা থেকেই পোশাক ডিজাইন করেন এই মডেল-অভিনেত্রী।
হাসান