বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে অস্কার (অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস)। আগামী বছরের ২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসবে এর ৯৭তম আসর। এবিসি নেটওয়ার্ক ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে বর্ণাঢ্য এই আয়োজন।
এবার ৯৭তম অস্কার আসরের নতুন সঞ্চালনার দায়িত্ব পেলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন উপস্থাপক, কমেডিয়ান, লেখক ও প্রযোজক কোনান ওব্রায়েন। গত ১৫ নভেম্বর অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
কোনান ওব্রায়েনকে নির্বাচন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এবার অস্কার সঞ্চালনার জন্য অতুলনীয় কোনান ওব্রায়েনকে পেয়ে আমরা রোমাঞ্চিত ও সম্মানিত। দারুণ হাস্যরস, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও লাইভ করার দক্ষতার মাধ্যমে সিনেমার বৈশ্বিক উদযাপনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সেরা। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে অসাধারণ দক্ষতা রয়েছে তার। চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাকে সম্মান জানাতে অস্কার সব সময় চেষ্টা করে।’
ক্যারিয়ারে অসংখ্য বড় বড় আয়োজনে সঞ্চালনা করলেও অস্কার অনুষ্ঠানে কোনানের এটিই প্রথম সঞ্চালনা। এর আগে টানা দুবার অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন লেট-নাইট টেলিভিশন তারকা জিমি কিমেল।
৬১ বছর বয়সী কোনান এমি পুরস্কারজয়ী লেখক এবং প্রযোজক। তিনি ‘লেট নাইট উইথ কোনান ওব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ওব্রায়েন’ এবং ‘কোনান’ অনুষ্ঠানগুলোতে উপস্থাপনা করে জনপ্রিয়তা পান। তিনি দুবার এমি অ্যাওয়ার্ডস এবং এমটিভি মুভি অ্যাওয়ার্ডস উপস্থাপনার পাশাপাশি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সঞ্চালক ছিলেন। উপস্থাপনার স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে রয়েছে ৫টি এমি অ্যাওয়ার্ড।
হাসান