আলোচিত ‘সাতাও’ চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NIFF) ২০২৫-এ জুরি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ২০-২৪ মার্চ অনুষ্ঠিতব্য এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এই নির্মাতা। এই বিভাগে তার সহ-বিচারক হিসেবে থাকবেন নেপালের বর্ষীয়ান নির্মাতা দীপেন্দ্র গাউচান এবং ইরানের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব করিম আজিমি।
এর আগে, ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, খন্দকার সুমনের পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে নেপালের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। চলচ্চিত্রটির গল্প, সমাজ বাস্তবতা ও অনন্য শৈল্পিক উপস্থাপনার জন্য প্রশংসিত হয়।
নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NIFF) দক্ষিণ এশিয়ার অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতারা তাদের কাজ উপস্থাপন করেন। এটি নেপালের বৃহত্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের পাশাপাশি বিভিন্ন সিনেমাটিক আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উৎসবটি চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সৃজনশীল আলাপচারিতা ও সাংস্কৃতিক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জুরি সদস্য হিসেবে মনোনীত হওয়া প্রসঙ্গে খন্দকার সুমন বলেন, “নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। ‘সাঁতাও’ এখানে পুরস্কার জয়ের পর এবার বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান নির্মাতাদের কাজ দেখার এবং মূল্যায়ন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’’
বিচারক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও, খন্দকার সুমন উৎসবে অংশগ্রহণকারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
কলি