বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে তার ক্যারিয়ারে চলছে বসন্ত সময়। একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি। পারিশ্রমিকও বেড়েছে বহুগুণ। এ সময়ের বলিউডের আলোচিত অভিনেত্রীদের মধ্যে শ্রদ্ধা কাপুর অন্যতম।
এই তারকা দীর্ঘদিন ধরেই চুপিসারে প্রেম করছেন রাহুল মোদির সঙ্গে। বি-টাউনে এই গুঞ্জন অনেকদিনের। দুজনকে একসঙ্গে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেও দেখা গেছে। আবার কখনো একসঙ্গে বিয়ের মঞ্চে নেচেছেন। তবে এই প্রেম নিয়ে কখনো মুখ খুলেননি শ্রদ্ধা ও তার প্রেমিক রাহুল।
কিন্তু এবার আর লুকোচুরির মধ্যেই প্রেম সীমাবদ্ধ থাকছে না। কারণ শ্রদ্ধার জন্মদিনের আগের সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে। মুখে কিছু পরিষ্কার করে না বললেও শ্রদ্ধার মুঠোফোনের ওয়ালপেপারে প্রেমিক রাহুলের ছবি গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে ভালোভাবেই।
গতকাল সোমবার শ্রদ্ধার জন্মদিন। এ দিন ৩৮-এ পা দিয়েছেন এই তারকা। জন্মদিনের আগের সন্ধ্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, শ্রদ্ধা কোথাও থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গেছে, ওয়ালপেপার হিসেবে নায়িকা তার এবং চর্চিত প্রেমিক রাহুলের ঘনিষ্ঠ ছবি ব্যবহার করছেন! এরপর থেকে প্রেম ও গুঞ্জন মিলেমিশে একাকার হয়েছে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ শ্রদ্ধা কাপুর গোপন সম্পর্কের কথা সবার সামনে আনেন।
উল্লেখ্য, আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পর আরেক অভিনেতার সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন শ্রদ্ধা। ‘রক অন-২’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর প্রেম করেছেন তিনি। এখন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা।
/আবরার জাহিন