হৃত্বিক রোশনের ‘কৃষ ৪’ বর্তমানে বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমার একটি। কিন্তু রাকেশ রোশন পরিচালিত এ ছবিটির মুক্তির সময় বারবার বিলম্বিত হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ৭০০ কোটি রুপির বিশাল বাজেটই নাকি ছবিটির জন্য বড় এক ধাক্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই দাবিগুলো পুরোপুরি সত্যি নাও হতে পারে বলে জানা গেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ‘কৃষ ৪’-এর জন্য আনুমানিক ৭০০ কোটি টাকার বাজেট প্রয়োজন। যার ফলে কোনো স্টুডিওর পক্ষে এত বিশাল অঙ্ক বিনিয়োগ করাটা কঠিন। এ জন্য হৃত্বিক এই সিনেমাটির জন্য তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে (প্রযোজক) একটি উপযুক্ত স্টুডিও খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন।
কিন্তু জানা গেছে, মার্ভেল পরবর্তী যুগে ‘কৃষ ৪’ এখন বক্স অফিসে কতটা প্রভাব রাখতে পারবে সেটা নিয়ে স্টুডিওগুলো দ্বিধাগ্রস্ত। কেননা এক দশকেরও আগে এর শেষ কিস্তিটি মুক্তি পেয়েছিল। ফলস্বরূপ ছবিটির কাজ থেকে সরে এসেছেন সিদ্ধার্থ এবং মারফ্লিক্স। তাই হৃত্বিক এবং রাকেশ এখন ফিল্মক্রাফ্টের অধীনে ছবিটির জন্য একটি শক্তিশালী চুক্তি নবায়ন করার উদ্দেশ্যে ভারতজুড়ে স্টুডিওগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ার ২’ মুক্তির পর ‘কৃষ ৪’-এর মুক্তির সম্ভাবনা আরও বাড়তে পারে। তখন সিনেমাটির বক্স অফিস সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। মুভি টকিজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কৃষ ৪’-এর জন্য ৭০০ কোটি টাকার বাজেট প্রয়োজন।
তবে নির্মাতা রাকেশ রোশন ভক্তদের আশ্বস্ত করেছেন যে, কৃষ ৪ তৈরির কাজ চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
/শাকিল