ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু এবার অভিনয় করেছেন বাবুর্চির চরিত্রে। মোহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় ‘মাস্তুল’ সিনেমায় তেলবাহী জাহাজের বাবুর্চির চরিত্রে দর্শকরা তাকে দেখতে পাবেন। সিনেমাটি বিশ্বের কয়েকটি দেশের উৎসবে প্রদর্শনী শেষে চলতি বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
‘মাস্তুল’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত এবং শিশুশিল্পী আরিফ।
সিনেমার গল্প নিয়ে জানা যায়, জাহাজের বাবুর্চি মকবুলের সঙ্গে এক বন্দরে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্য। মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলেন। এনিয়ে খালাসিদের সঙ্গে মকবুলের দ্বন্দ্ব তৈরি হয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শীতলক্ষ্যা, মেঘনা রুটে চলন্ত জলযানে ‘মাস্তুল’ ছবির শুটিং হয়েছে।
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, এর গল্প অসাধারণ। আমার চরিত্রটিতে ভিন্নতা আছে। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।
পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘ছবিতে আমরা ক্ষমতার দ্বন্দ্ব দেখাতে চেয়েছি। কীভাবে একজন মানুষ জাহাজের মানুষদের ওপর অমানুষিক অত্যাচার করে। সিনেমাটিতে ফজলুর রহমান বাবু জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করেছেন, মূলত তিনিই গল্পটা টেনে নিয়ে যাবেন।’
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। সেখানকার তেলবাহী জাহাজের কর্মচারীদের গল্প নিয়ে তিনি বানিয়েছেন ‘মাস্তুল’। গত ২৪ মার্চ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।
/রিয়াজ