বাংলা নববর্ষ উপলক্ষে এবারে এটিভি ইউএসএতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়, জনপ্রিয় অভিনেত্রী শিরীন বকুল, বিশিষ্ট নারী উদ্যোক্তা এশা রহমান, প্রখ্যাত সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার। নিউইয়র্কের এটিভি স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটি ধারণ করা হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এবারের বাংলা নববর্ষ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কারণ, এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদ্যাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এই খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী অণিমা রায়ের কণ্ঠে দুটি গান, শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পয়লা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তি শোনান।
এর বাইরে প্রবাসের বৈশাখ উদ্যাপনের গল্পে নারী উদ্যোক্তা এশা রহমান বলেন, ‘এখন বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদ্যাপন হয়। পুরো মাসে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি, ধর্ম-বর্ণনির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’
‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হবে।
/শাকিল