আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’। কয়েক দিন আগেই সিনেমার ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ঈদে মুক্তির বিষয়টি জানানো হয়। এবার প্রকাশ পেল সিনেমাটির প্রথম গান। এ গানে দেখা যাবে র্যাপার জালালী শাফায়াত ও সংগীতশিল্পী বালামকে। ‘এই অন্ধকারের শহরে’ শিরোনামে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেতে দেখা যাবে দেশের জনপ্রিয় এই র্যাপারকে।
গানটির কথা লিখেছেন গায়ক শাফায়াত নিজেই। আর সংগীত করেছেন সংগীত তারকা বালাম। প্রকাশিত গানটির দৃশ্যে দেখা গেছে, একটি টিনেজ ডিজে পার্টিতে গানটি গাইছেন জালালী শাফায়াত, সেখানে উপস্থিত আছেন বালাম নিজেও।
সিনেমার নির্মাতা মিঠু খান বলেন, ‘এই গানের মাধ্যমে জালালী শাফায়াত প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। সিনেমার গল্পের সঙ্গে এই গানটি খুবই সম্পর্কিত। গল্পের সঙ্গে মিল রেখে শাফায়াত গানের কথাও লিখেছেন।’
এ সম্পর্কে র্যাপার জালালী শাফায়াত গণমাধ্যমে বলেন, ‘এবার র্যাপার চরিত্রে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি দর্শক উপভোগ করবেন। কারণ সিনেমার গল্পটি এখনকার যুবসমাজের; গানে গানে আমি সেই কথাই বলার চেষ্টা করেছি।’
‘নীলচক্র’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার ঈদুল আজহায় দেশে মুক্তি পেতে চলেছে।
/শাকিল