নেটফ্লিক্স ব্রাজিল একসঙ্গে ১০টি বিশাল প্রজেক্ট নিয়ে আসছে স্ক্রিনে। এই তালিকার মধ্যে রয়েছে ফুটবল কিংবদন্তি পেলেসহ ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দল, রোনালদিনহো, নেইমার, ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ তেজস্ক্রিয় দুর্ঘটনা ইত্যাদি।
এই ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্টগুলোর একটি হলো ‘ব্রাজিল ৭০ - আসাগা দু ত্রি’। এটি ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গল্প নিয়ে নির্মিত এক উচ্চ-প্রযুক্তির ফিকশন সিরিজ। যেখানে পেলের নেতৃত্বে ঐতিহাসিক ম্যাচগুলো ভিএফএক্স ও আর্কাইভ ফুটেজের মাধ্যমে জীবন্ত করে তোলা হবে।
এছাড়া রোনালদিনহোর জীবন ও ক্যারিয়ারের নানা অজানা দিক এবং হাস্যরসাত্মক ঘটনাবলির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে একটি বায়োগ্রাফিক্যাল ডকু-কমেডি, যাতে থাকবে এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও দুর্লভ ভিডিওচিত্র। অন্যদিকে, নেইমারকে নিয়ে নির্মিত হচ্ছে একটি নতুন ডকুমেন্টারি, যেখানে তুলে ধরা হবে তার শুরুর ক্লাব সান্তোসে ফিরে আসার যাত্রা এবং ক্লাবের পুরনো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা।
এই বহুল প্রতীক্ষিত প্রজেক্টগুলো পরিচালনা ও প্রযোজনায় যুক্ত হয়েছেন ব্রাজিলের প্রথম সারির নির্মাতারা, যেমন- ফের্নান্দো কোইমব্রা, গুলানে, ও-টু ফিল্মস এবং বুটিক ফিল্মস।
ব্রাজিল বর্তমানে নেটফ্লিক্সের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। সেখানে তাদের ২ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নতুন এই কনটেন্টগুলোর লক্ষ্য শুধুই দেশীয় দর্শকদের মন জয় নয়, বরং ব্রাজিলের গল্পগুলোকে বিশ্বদর্শকের দরবারে পৌঁছে দেওয়া।
নেটফ্লিক্স ব্রাজিলের প্রধান হিগিয়া ইকেদা বলেন, 'আমরা কেবল বিনোদনের পরিধি বাড়াতে চাই না, বরং ব্রাজিলের গল্প বলার শক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।'
/রিয়াজ