সব সময়ই নিজের কাজ দিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এবার কিছুটা ভিন্ন কারণে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন হালের সফলতম এই বলিউড তারকা। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত ছবি ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর কারণে শিরোনামে এসেছেন তিনি।
যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এই ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। কিন্তু পরে জানা যায়, অভিনেত্রী ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে তার স্থলাভিষিক্ত হিসেবে তৃপ্তি দিমরিকে প্রধান নারী চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে।

শোনা গেছে, আসন্ন এ সিনেমায় কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করা নিয়ে দীপিকার অস্বস্তি ছিল। তাই তিনি কাজ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর পরপরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তা দেন, যেটিকে নেটিজেনরা দীপিকার প্রতি ইঙ্গিতপূর্ণ এবং ক্ষোভ প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন।
এই বিতর্কের পালে এবার নতুন করে হাওয়া দিলেন দীপিকা। ‘হার্পার্স বাজার’-এর সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলিউড সুন্দরী তার পছন্দের কাজের পরিবেশ এবং সহকর্মীদের নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন।

একজন নতুন মা হিসেবে কীভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখেন এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমি কেবল আমার অন্তরের কথা শুনি, যা সঠিক মনে হয় সেটা করি। যখন আপনি আপনার চারপাশের কথায় কান না দিয়ে কেবল আপনার হৃদয়ের কথা শোনেন, তখন উত্তর স্পষ্ট হয়ে যায়। আমি এমন লোকজনের সঙ্গে কাজ করতে চাই, যাদের সঙ্গে আমি কাজ করে আনন্দ পাই। আমি নিজেকে পরিবার ও বন্ধুদের মাঝে আবদ্ধ রাখি এবং সৎ থাকতে চেষ্টা করি। এটিই আমার ভারসাম্যের চাবিকাঠি।’
উল্লেখ্য, এই অভিনেত্রীকে বহুল প্রতীক্ষিত শাহরুখ খানের ‘কিং’ এবং প্রভাসের বিপরীতে ‘কালকি ২৮৯৮ এডি: পার্ট ২’-ছবির মধ্য দিয়ে ফের রুপালি পর্দায় দেখা যাবে।
/এমএস