জনপ্রিয় তারকা আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। পাঁচ বছর আগে ‘চিহ্ন’ নামের একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। এবার প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজে জুটি হিসেবে স্ক্রিন শেয়ার করবেন এই দুই তারকা। এই সিরিজটির নাম ‘আঁকা’।
প্রথমে এ সিরিজটির নাম ছিল ‘আজাদ’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আঁকা’। নিশো-নাবিলা জুটি অভিনীত এ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পরিচালক ভিকি জায়েদ। সিরিজটিতে প্রথমে নিশোর বিপরীতে ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত নাবিলা কাজ করেছেন।
জানা গেল, ওয়েব সিরিজটির শুর্টিং সম্পন্ন হয়েছে। ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এ সিরিজের শুটিং শুরু হয় ঈদের আগেই। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে গত ২০ জুন উত্তরা এলাকায়। বর্তমানে চলছে ডাবিং ও এডিটিংয়ের কাজ।
চলতি বছরের শেষদিকে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন আলফা আই।
এর আগেও আফরান নিশো ও ভিকি জাহেদ একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় কনটেন্ট উপহার দিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় একসঙ্গে কাজ করলেন তারা। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নাবিলা।
উল্লেখ্য, আফরান নিশো বর্তমানে বড় পর্দা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ছোট পর্দায় এখন আর তেমন একটা দেখা যায় না তাকে। সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এটি ছিল নিশো-তমা জুটির দ্বিতীয় সিনেমা।
নিশো অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ছিল ‘সাড়ে ষোলো’। হইচইয়ে মুক্তি পাওয়া সেই সিরিজটিতে যদিও সাড়া ফেলতে পারেননি। তবে ‘আঁকা’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের মন জয় করবেন নিশো এমন প্রত্যাশা করেছেন তিনি।
অন্যদিকে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত ‘তুফান’ সিনেমায় সর্বশেষ দেখা যায় মাসুমা রহমান নাবিলাকে। এই সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন এই অভিনেত্রী।
/এমএস