দেশের সংগীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় নন্দিত সংগীতশিল্পী আলমা আরা মিনু। তার কণ্ঠেই মূলত জনপ্রিয়তা পায় দেশের গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি। রিয়াজ-শাবনূর অভিনীত ‘মাটির ফুল’ সিনেমার ‘সোনা দানা দামী গহনা’ গানটিও তার কণ্ঠের তুমুল জনপ্রিয় একটি গান। এ ছাড়া আরও বহু গান তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে।
আলম আরা মিনু এখনো গানে নিয়মিত। চেষ্টা করেন তিনি সব মাধ্যমে গান করার। এরই মধ্যে তিনি একটি চমৎকার কথার মৌলিক গান করেছেন। গানের শিরোনাম হচ্ছে ‘জানা ছিলো না’। গানটি লিখেছেন শহীদ আলবেরুনী বিপুল, সুর করেছেন শিহাব শাহরিয়ার। গানে মিনুর সহ-শিল্পী এম আর সুইট।
এদিকে এরই মধ্যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবেও মিনু তার বিচারকার্য সম্পন্ন করেছেন। শাপলা কুড়ির ১৩তম আসরে অংশগ্রহণ করা শিশুশিল্পীদের প্রতিযোগিতার বিচারক ছিলেন তিনি। মিনু তার প্রিয় স্থান সুনামগঞ্জের মধ্যনগর বাজারের কাছে অবস্থিত টাঙ্গুয়ার হাওড় ঘুরে এসেছেন। আলম আরা মিনু বলেন, ‘জানা ছিলো না’ গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে গানটি প্রবল আগ্রহ নিয়ে গেয়েছি আমি। আর শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হয়েও ভীষণ ভালো লাগল।
আমাদের দেশের এই প্রজন্মের শিশুরাও যে কত চমৎকার গান গাইতে পারে, তা আসলে এই বিচারকার্যে বিচারক হয়ে নতুন করে আবারও জানলাম। তাদের অনেকের কণ্ঠেই গান শুনে আমি বিস্মিত হয়েছি। ওরাই আমাদের আগামীদিনের গানের ভুবনের ভবিষ্যৎ। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর টাঙ্গুয়ার হাওড় আমার খুব প্রিয় একটি স্থান। যেখানে ঘুরতে গিয়ে আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। বারবার আমার স্বামীর কথা মনে পড়ছিল। তিনি বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন যদি এখানে বেড়াতে আসতেন।’
/আবরার জাহিন