হলিউডের সাড়া জাগানো আরও দুটি ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ইউনিভার্সেল পিকচার্সের এ সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় এ তারকাকে ঘিরে এরই মধ্যে দর্শকদের ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গেছে। বক্স অফিসে ছবিটি দুর্দান্ত সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, গত ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর ছবি ‘২৮ ইয়ারস লেটার’। প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয় করেছে ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য আজ ৪ জুলাই ছবি দুটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্যদিয়ে এর যাত্রা শুরু। এ পর্যন্ত পর্দায় এসেছে এ সিরিজের ছয়টি সিনেমা। সবগুলো ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’-এর একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি।
১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এ ছবিতে স্কারলেট জোহানসন ছাড়াও আরও আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি। স্কারলেট জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র।
এদিকে ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। সারা বিশ্বে এরই মধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
টানটান উত্তেজনা, চরম ভায়োলেন্স এবং রক সাউন্ডট্র্যাকে ভরপুর এ জম্বি থ্রিলার পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মাত্র ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস ছবির মূল চরিত্রে অভিনয় করে সিনে অনুরাগীদের নজর কেড়েছেন। এ ছাড়া ছবিতে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং ‘হ্যারি পটার’ সিরিজের ‘লর্ড ভলডেমর্ট’ রাফ ফাইনস।
পরিচালক ড্যানি বলেছেন, ‘আইফোন দিয়ে শুট করার কারণে আমরা প্রচুর সরঞ্জাম ছাড়াই চলাফেরা করতে পারছিলাম। আমরা ব্রিটেনের নরথাম্বারের এমন কিছু অংশে শুট করেছি যা দেখে মনে হয় ১ হাজার বছর আগেও পৃথিবী এমনই ছিল। এ রকম উঁচু-নিচু, জঙ্গলভর্তি এলাকায় আইফোন আমাদের দ্রুত শুটিং করতে সাহায্য করেছে।’
/এমএস