প্রমিথিউস ব্যান্ড তারকা বিপ্লব। দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকার নিউইয়র্কে রয়েছেন। সেখান থেকেই মাঝে মাঝে গান প্রকাশ করেন তিনি। কিছু দিন আগে গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি করা ‘নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেন বিপ্লব। এই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে।
এবার আরেকটি নতুন দেশের গান প্রকাশের ঘোষণা দিলেন বিপ্লব। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। গানটির কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বিপ্লব।
এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি তৈরি করা। চেষ্টা করব প্রতিবছর লাল জুলাইয়ে গানটি কোনো না কোনো আয়োজনে গাওয়ার।’’
বিপ্লবের ভাষায়, এর আগেও কিছু দেশের গান গেয়েছেন। কিন্তু সে গানগুলো থেকে ‘ও প্রিয় বাংলাদেশ’ কিছু আলাদা এ কারণে যে, এর মধ্য দিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে। এই গানের পাশাপাশি আরও কিছু ভিন্ন ধাঁচের গান বছরের বিভিন্ন সময় প্রকাশ করার কথাও জানান এই প্রমিথিউস তারকা।
/এমএস