সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘শেষ ভালোবাসা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মেহমুদ উপমা। মেজবাহ শিকদারের পরিচালনায় নির্মিত নাটকটি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়।
নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে দেখা যাবে, বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এক সময় নেশার জগতে প্রবেশ করেন। নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অপরদিকে পড়ালেখায় অনিয়ম এবং পরিবারের সঙ্গেও তার সঙ্গে দূরত্ব দিনে দিনে বেড়েই চলে।
একপর্যায়ে বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠেন। কিন্তু নেশার টাকা জোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। নেশায় এতটাই মগ্ন যে, টাকা জোগাড় করতে সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন তিনি। বয়ফ্রেন্ডের সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকে উপমার বিপরীতে অভিনয় করেছেন এরফান অনিক।
এ সম্পর্কে উপমা বলেন, “নাটকের গল্প অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কীভাবে মানুষের স্বাভাবিক জীবনকে- পরিবারকে ধ্বংস করে দেয়, তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতটা বিধ্বংসী তার পরিষ্কার মেসেজ রয়েছে ‘শেষ ভালোবাসা’ নাটকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।”
/এমএস