দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও যার সমান পরিচিতি। সম্প্রতি এই তারকার ‘ডিয়ার মা’ শিরোনামের একটি সিনেমা কলকাতায় মুক্তি পেয়েছে, যার কারণে তিনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানকার বিভিন্ন জায়গায় প্রচারণার কাজ চালাচ্ছেন।
তবে জয়াকে কলকাতায় দেখে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য যেন কোনভাবেই সহ্য করতে পারছেন না। জয়াকে দেখে বাংলাদেশ প্রসঙ্গ টেনে রীতিমতো কটাক্ষ করেছেন এই নেতা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
বর্তমানে কলকাতায় অবস্থান করা এ অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। এর মধ্যে দুটি অনুষ্ঠানে শমীক নিজেও জয়াকে দেখেছেন। জয়াকে অনুষ্ঠানে দেখেই ক্ষেপেছেন তিনি। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’
এই বিজেপি নেতার দাবি, বাংলাদেশে এখনও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। আর এ বিষয়ে জয়া নীরব ভূমিকা পালন করছেন। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি জয়ার উপর ক্ষোভ প্রকাশ করেন।
সেখানকার সাংবাদিকদের শমীক বলেন, ‘জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’
আগেও পশ্চিমবঙ্গের আরেক মহিলা নেত্রী বাংলাদেশের অভিনেতাদের কলকাতায় কাজ করা প্রসঙ্গে নিজের বিরক্তি ও দ্বিমত পোষণ করেছিলেন। তবে তার এসব কথাকে অনেকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন সেবার।
/এমএস