বলিউডের খ্যাতিমান অভিনেতা পরেশ রাওয়াল। এর আগে নিজের ভাঙা পা সারানোর জন্য প্রস্রাব পান করার দাবি করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন এ অভিনেতা। যদিও এই কাণ্ডটি ঘটিয়েছিলেন প্রায় ৪০ বছর আগে। তবে এমন দাবির ফলে অভিনেতাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। অনেক ভক্ত-অনুরাগীরা বিষয়টি বিস্ময় প্রকাশ করেছিলেন তখন।
এবার এ বিতর্কের প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল তার চিরাচরিত ভঙ্গিতেই জবাব দিয়েছেন।
প্রস্রাব পানের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পাল্টা প্রশ্ন করে বসেন তিনি, ‘আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী? নাকি আমি তাদের প্রস্রাব পান করতে না দেওয়ায় কোনো সমস্যা হচ্ছে? তারা কি ভাবছেন যে কেন আমি একাই পান করেছি তাদের দিইনি? এটি আমার জীবনে ৪০ বছর আগে ঘটা একটি ঘটনা। এ আর এমন কী বড় ব্যাপার? মানুষ তিল থেকে পাহাড় তৈরি করতে পছন্দ করে। তাদের এসব উপভোগ করতে দিন।’
উল্লেখ্য, পরেশ রাওয়াল তার ক্যারিয়ারে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। পরেশ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো ‘আন্দাজ আপনা আপনা’, ‘ফান্টুস’, ‘ক্রান্তিবীর’, ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘গরম মসালা’, ‘ভাগম ভাগ’, ‘মালামাল উইকলি’, ‘হাঙ্গামা’ ইত্যাদি।
/এমএস