বলিউডের বক্স অফিসে নতুন করে ঝড় তুলেছে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’। গত শুক্রবার (১৮ জুলাই) প্রেক্ষাগৃহে আসা সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই ১৭২.৭৫ কোটি রুপির বেশি আয় করে কিছু রেকর্ডও ভেঙেছে। ভালো গল্প হলে রোমান্টিক সিনেমা দিয়েও যে বক্স অফিসে ঝড় তোলা যায়, সেটাই যেন প্রমাণ করলেন এই ছবির পরিচালক মোহিত সুরি। আর এর মাধ্যমে আরেকটি নতুন রোমান্টিক জুটি পেল বলিউড।
একজন উঠতি সংগীতশিল্পী কৃষ্ণ কাপুর (আহান) এবং একজন লাজুক সাংবাদিক বানীর (অনিত পাড্ডা) মধ্যে গড়ে ওঠা প্রেমকাহিনিকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগিয়েছে। ‘সাইয়ারা’ শিল্পীদের দুর্দান্ত অভিনয়, চমৎকার সব গান এবং আবেগঘন গল্প কেবল সাধারণ দর্শকদেরই নয়, বলিউড তারকাদেরও হৃদয় ছুঁয়ে গেছে।
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ভাট থেকে শুরু করে অনিল কাপুর, শ্রদ্ধা কাপুর, রণবীর সিং, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ানসহ আরও অনেক তারকাই সিনেমা এবং এই দুই তরুণ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন। চলচ্চিত্র বিশ্লেষক ও সমালোচকরাও সিনেমাটিকে নিয়ে ইতিবাচক কথা বলছেন।
যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে ছবির আয় কিছুটা কমে গিয়েছিল, তবে এখনও বক্স অফিসে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে ছবিটি। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন এটির গড় আয় ছিল ২০ কোটি রুপির কাছাকাছি। তবে রোববারে কিছুটা কমে গিয়ে ১৯ কোটি রুপি আয় হয়েছিল। সর্বশেষ আজ শুক্রবার, সকাল থেকে দুপুর পর্যন্তও বক্স অফিসে ভালো আয় করেছে ‘সাইয়ারা’।
স্যাকনিল্কের তথ্যমতে, এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৫.০৮ কোটি রুপি। কাল শনিবার ছুটির দিন হওয়ায় রাতের শোতে আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন ভারতের বক্স অফিস বিশ্লেষকেরা। এদিকে, সাম্প্রতিক সময়ে আর কোনো বড় সিনেমা মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’-র সামনে বড় প্রতিদ্বন্দ্বিতাও নেই। ‘ধনক ২’ এবং ‘সন অব সর্দার ২’-এর মুক্তির তারিখ পিছিয়ে ১ আগস্ট নির্ধারিত হওয়ায় চলতি সপ্তাহের শেষেও ‘সাইয়ারা’ আরও ভালো আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বক্স অফিস ইন্ডিয়া জানিয়েছে, উত্তরপ্রদেশ অঞ্চলে গত মঙ্গলবার ছবিটি ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে। এই অঞ্চলে ছবিটির আয় ভিকি কৌশলের ‘ছাভা’-র তুলনায় দ্বিগুণ হয়েছে, যা আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২’-এর প্রথম মঙ্গলবারের আয়কেও ছাড়িয়ে গেছে।
/এমএস