জনপ্রিয় হিন্দি সিনেমা ‘পরিণীতা’ মুক্তি পায় ২০০৫ সালের ১০ জুন। প্রদীপ সরকারের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেন বিদ্যা বালান, সাইফ আলি খান এবং সঞ্জয় দত্ত। বক্স অফিস সাফল্যের ২০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ২৯ আগস্ট পুনরায় প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।
ছবিটি বিদ্যা বালানের চলচ্চিত্রজীবনেরও এক উল্লেখযোগ্য মাইলফলক।
সম্প্রতি ‘ফিল্মফেয়ার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিদ্যা সিনেমাটি ঘিরে তার প্রথম দিকের অভিজ্ঞতা এবং বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে তার স্মরণীয় প্রথম সাক্ষাতের কথা শেয়ার করেন। রেখা ‘পরিণীতা’ সিনেমার ‘ক্যাসি পহেলি জিন্দাগানি’ গানে পারফর্ম করেছিলেন। সেই গানটির শুটিং চলাকালে বিদ্যার কোনো শিডিউল না থাকলেও পরিচালক প্রদীপ সরকার তাকে সেটে আমন্ত্রণ জানান।
বিদ্যা বলেন, ‘‘যখন আমি রেখার ভ্যানে উঠি, তখন আমার সেই গানের কোনো প্রকার শুটিং ছিল না। মজার বিষয় হলো, আমার বাবার প্রিয় সিনেমাও ছিল রেখার ‘খুন ভারি মাং’।
তাকে প্রথমবারের মতো দেখেই আমার প্রতিক্রিয়া ছিল, ‘ওহ মাই গড, রেখা আমার সামনে!’’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে আছে, প্রথমবার আমি রেখার ছবি দেখি টাইমস অফ ইন্ডিয়াতে। ছবির দিকে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম, এই অলৌকিক নারীটি কে?’
এরপর প্রথম সাক্ষাৎ সম্পর্কে বিদ্যা বলেন, ‘তার ভ্যানের দরজায় হঠাৎ ধাক্কা দিয়ে রাইমা আর আমি একসঙ্গে ভ্যানে ঢুকে পড়ি। কিন্তু তিনি আমাদের এমনভাবে গ্রহণ করেছিলেন যেন আমরা বহুদিনের পূর্ব পরিচিত। তাকে তখনো যেমন সুন্দর দেখেছিলাম, এখনো তিনি সে রকমই আছেন।’
উল্লেখ্য, ‘পরিণীতা’-এর গল্পে বিদ্যা বালান লোলিতার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে লোলিতা তার আর্থিক সংকটে থাকা কাকার সঙ্গে বসবাস করেন। ছোটবেলা থেকেই লোলিতার মনে প্রেম জাগে প্রতিবেশী শেখরের প্রতি। এই চরিত্রে অভিনয় করেন সাইফ আলি খান।
তবে শেখরের বাবা নবীনচন্দ্র (সব্যসাচী চক্রবর্তী) একজন ধনী ব্যবসায়ী। শেখরের বাবার ইচ্ছা তিনি লোলিতার কাকার বাড়ি অধিগ্রহণ করে সেখানে হোটেল বানাবেন।
কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় যখন লোলিতা ধনী ব্যবসায়ী গিরিশ শর্মার (সঞ্জয় দত্ত) সাহায্য নিতে বাধ্য হন এবং শেখর তাদের সম্পর্ক নিয়ে ভুল ধারণা করে বসে। এভাবেই সিনেমার গল্প এগোতে থাকে।
/এমএস