গত বছরের জুলাইয়ে আমরা হারিয়েছি সংগীত অঙ্গনের দুই গুণী শিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলকে। তাদের স্মরণে সিঙ্গার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ বাংলাদেশ ও মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ আয়োজন করেছে ‘স্মৃতিতে সুরের সারথি’।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ বিকেল ৫টায় সহকর্মীরা স্মরণ করবেন শাফিন ও জুয়েলকে।
গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক ও সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার বলেন, ‘শাফিন ভাই ও জুয়েল ভাই আমাদের সবার কাছের মানুষ ছিলেন। গতবছর আমরা হারিয়েছি তাদের। কয়েকদিন আগে দুজনের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। এই দুই গুণীকে সংগীত জগতের সবাই মিলে স্মৃতিকথনে স্মরণ করব।
আমাদের যত সুন্দর স্মৃতি, সেগুলোর মধ্যে তাদের খুঁজে বেড়াব। তারা তাদের গানে বেঁচে থাকবেন, সেটা বিশ্বাস করি। আমরা তাদের কাছের মানুষেরা কথা ও ভালোবাসার মধ্যে দিয়ে তাদের স্মরণ করতে চাই। সংগীতের গুরুত্বপূর্ণ এই তিন সংগঠনের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। অনেক ভাবে তারা আমাদের সঙ্গে মিশে আছেন। সেই জায়গা থেকে দুই স্বজনকে নিয়ে এই উদ্যোগ। আশা করছি, ৩ ঘণ্টার আয়োজনে সবাই উপস্থিত থাকবেন।’
প্রসঙ্গত, দেশের নন্দিত ব্যান্ড তারকা, সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যদিকে, ১৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা জুয়েল। গত বছরের ৩০ জুলাই মারা যান বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী।
/এমএস