বলিউড বাদশাহ শাহরুখ খান দেশজুড়ে যেমন জনপ্রিয়, তেমনি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’-এরও বিশেষ পরিচিতি আছে। ভারতের যেসব তারকাদের বিলাসবহুল বাড়ি রয়েছে তার মধ্যে শাহরুখের বাড়ি সবসময় উপরের সাড়িতেই থাকে। এই বাড়ির সামনেই প্রতিদিন ভিড় জমান অসংখ্য শাহরুখ ভক্ত।
অথচ ২০০১ সালে শাহরুখ-গৌরী দম্পতিকে বিলাসবহুল এই বাংলোটি কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। বলিউডের ‘ইয়েস বস’ সিনেমার শুটিংকালীন এ বাড়িটি প্রথম পছন্দ করেন শাহরুখ। তখনই সিদ্ধান্ত নেন, একদিন এটি কিনবেন।
অথচ কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থ দিয়েই বাংলোটি কিনেছিলেন বলে জানা যায়। ১৩.২৩ কোটি রুপিতে কেনা সেই মান্নাতের বর্তমানে বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি রুপিতে।
অর্থাৎ শাহরুখ যে টাকা খরচ করে এ বাড়িটি কিনেছিলেন, তার চেয়ে ২২ গুণ বেশি দাম বেড়েছে মান্নাতের। সঙ্গে এ সুপারস্টার এটাও জানিয়েছেন, এই বাড়ি তিনি কোনো দিনই বিক্রি করবেন না।
উল্লেখ্য, এর আগে ১৯১৪ সালে প্রথম ‘ভিলা ভিয়েনা’ নামে এ বাড়িটি তৈরি করেছিলেন নরিম্যান কে দুবাস। পরে নাম বদলে ছবির নাম ‘জান্নাত’ করা হয়। আর ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এর নতুন নাম দেন ‘মান্নাত’।
শাহরুখের ছয়তলার বিলাসবহুল এই বাড়িতে ব্যক্তিগত সিনেমা হল, একাধিক শয়নকক্ষ, বাগান, কোয়ার্টারসহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী রয়েছে। বাড়িটি নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীদেরও যেন আগ্রহের কমতি নেই।
/এমএস