অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হলেন ভারতীয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজ বাড়িতেই মারা গেছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সার, হৃদযন্ত্রে পেসমেকার, একটি কিডনি অচলসহ নানা জটিল রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। শেষ ছয় মাস তিনি ছিলেন শয্যাশায়ী।
প্রায় সাত দশকের অভিনয় ক্যারিয়ার তার। থিয়েটার, সিনেমা ও টেলিভিশন সব ক্ষেত্রেই সমান তালে কাজ করে দক্ষতার পরিচয় দিয়েছেন বাসন্তী চ্যাটার্জি।
মাত্র পনেরো বছর বয়সে অভিনয় জগতে পা রাখা এই শিল্পী একসময় কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাসের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।
সাম্প্রতিক সময়ে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে শেষবারের মতো পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে।
গত এপ্রিলেও তিনি শুটিং সেটে ফিরেছিলেন। তবে পাঁজরের চোটের পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অসুস্থতার মধ্যেও চিকিৎসার খরচ জোগাতে তাকে অভিনয় চালিয়ে যেতে হয়েছিল।
সহ-অভিনেতা ভাস্বর চ্যাটার্জি জানিয়েছেন, শেষ দিকে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন বাসন্তী চ্যাটার্জি। এক সময়ে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও টলিপাড়ার বহু শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। টলিউডে এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
/এসএল