এক সময় গভীর প্রেমে ডুবে ছিলেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী। প্রেম ভেঙে যাওয়ার পর অনেক বছর একজন আরেকজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। সাবেক এই প্রেমিক জুটি দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন রুপালি পর্দায়। কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করে নতুন করে আবারও আলোচনায় এসেছে এই জুটি। মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল। প্রায় দীর্ঘ ১০ বছর পর সব পেয়েছে ‘ধূমকেতু’। দর্শক ও ভক্তদের আগ্রহের কারণেই রাত ২টায় ছবিটির শো রাখা হয়েছে সিনেমা হলে। কলকাতায় ‘ধূমকেতু’ ছবিটি বলিউডের ‘ওয়ার ২’ এবং দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’র মতো ছবিকে পেছনে ফেলে দিয়েছে।
সিনেমার প্রথম প্রদর্শনী চলেছে গতকাল রাত দুইটায়, আজ শুরু হয়েছে সকাল ৭টায়। অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা মধ্যরাত আর সকাল ৭টায় শো পেল। রাত ২টা এবং সকাল ৭টায় হাউসফুল গেছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে হলমালিকদের।
প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে আবারও হাতে হাত রেখে সবার সামনে হাজির হচ্ছেন দেব ও শুভশ্রী। বর্তমানে কলকাতায় চলছে এই জুটি ও তাদের সিনেমার জয়জয়কার।
/এস লুপিন