আলোচিত অভিনেত্রী রুনা খান। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার রুপালি পর্দার মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত সিনেমার নাম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় চিত্রনায়িকা চরিত্রে অভিনয় করবেন রুনা খান।
এ সিনেমা সম্পর্কে গণমাধ্যমকে রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা হয়। নির্মাতা গল্পটা শোনানোর পরই আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য এবং চরিত্রও পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার চরিত্রে। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’
চরিত্রটি সম্পর্কে রুনা খান বলেন, ‘সিনেমায় আমার চরিত্রে চিত্রনায়িকার পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের প্রতি বেশি নজর দেওয়া হয়েছে। তার ব্যক্তিজীবনের চড়াই-উতরাই নিয়েই চরিত্রটি এগিয়ে যায়। চরিত্রটি কিন্তু সাদা বা কালো নয়, বেশ কমপ্লেক্স আছে। এ ধরনের চরিত্রে কাজ করতে ভালো লাগে। অভিনয়ের জায়গাটা ভালো করে পাওয়া যায়। এর আগে কখনোই সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করিনি। অবশ্য এ ধরনের চরিত্র নিয়ে আমাদের এখানে কাজই তো খুব কম হয়।
তবে আমি সিনেমার নায়িকার চরিত্র প্রথম করলেও এর আগে যাত্রার প্রিন্সেস ও সার্কাসের প্রিন্সেসের চরিত্রে দুটি নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কাজটির জন্য। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।’
উল্লেখ্য, রুনা খান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আরও তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।
/এমএস