মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার নতুন মাস্টারপিস ‘বাজি’। গানটিতে ফুটে উঠেছে আদিবাসী সংগীত ঐতিহ্য ও শহুরে লোকসংগীতের মনোমুগ্ধকর মিশ্রণ। এই গান রিলিজের মধ্য দিয়ে আরও একবার সংগীত ও সুরের মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে উদযাপন করল কোক স্টুডিও বাংলা।
গানটির কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও এই সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী ইমন চৌধুরী এবং তার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন হাশিম মাহমুদ। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলার বহুল প্রতীক্ষিত তৃতীয় মৌসুমের চতুর্থ গান হিসেবে বাজি গানটি মুক্তি পেল।
স্বনামধন্য শহুরে কবি ও সংগীতশিল্পী হাশিম মাহমুদের লেখা ‘বাজি’ গানটিতে ফুটে উঠেছে সাধারণ এক রমণীর অপার্থিব মোহময়ী নিষ্পাপ ও কোমল প্রেমের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কণ্ঠ ও সুরের মেলবন্ধন লক্ষ করা গেছে গানটিতে, যা প্রেমে পড়ার চিরন্তন ও সর্বজনীন অনুভূতিকে জাগিয়ে তোলে।
ইমন চৌধুরীর সংগীতায়োজনে এই গানে আরও ফুটে উঠেছে বৈচিত্র্যময় লোকজ সংগীত, উপজাতীয় বাদ্যযন্ত্রের মাধুর্য এবং প্রাণশক্তিতে ভরপুর লোকশিল্প। ‘সরোদ’-এর মতো ঐতিহ্যবাহী যন্ত্রে তার সূক্ষ্ম হাতের কাজ সৃষ্টি করেছে এক আধুনিক ও সিনেম্যাটিক সুর, যা ঘটিয়েছে লোকসংস্কৃতির সঙ্গে বর্তমানের গল্পের এক দারুণ সংমিশ্রণ।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী বলেন, “কোক স্টুডিও বাংলার ফিরে আসাটা সত্যিই আনন্দের। সেই সঙ্গে আমরা দারুণ উচ্ছ্বসিত আমাদের শ্রোতাদের জন্য ‘বাজি’ গানটি নিয়ে আসতে পেরে। গানটি আমাদের কাছে খুবই বিশেষ, কারণ এতে শিল্পীরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছেন। গানটির কথা, সুর, নাচ, ভিজুয়াল—সবকিছু মিলিয়ে এটি এমন এক সুরেলা সমন্বয়, যেখানে একসঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের প্রতিচ্ছবি।”
বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সর্বদাই শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে আসা কোক স্টুডিও বাংলার প্রয়াসকেই যেন সম্মান জানায় প্রকৃতি, সংস্কৃতি ও মানবতার মিশ্রণে সৃষ্টি ‘বাজি’।
গানটি শোনা যাবে স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
/এমএস