চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গত ৭ জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল এই নায়িকার সবশেষ সিনেমা ‘নীল চক্র’। সিনেমাটির কাহিনিকার ছিলেন অংকন পোদ্দার, নাজিম উদ দৌলা, অঞ্জন সরকার জিমি ও মিঠু খান। চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর মিলন ও আসিফ আকবর।
সিনেমাতে মন্দিরা চক্রবর্ত্তীও নায়ক ছিলেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এদিকে আজ মন্দিরার জন্মদিন। জন্মদিন উপলক্ষে এবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেননি তিনি। বাবা-মা ও পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে আজকের দিনটি উদযাপন করবেন এই নায়িকা।
জন্মদিন প্রসঙ্গে মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গে দিনটি আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে উদযাপন করব। আমার বাবা-মায়ের জন্য প্রার্থনা কামনা করছি তারা যেন সুস্থভাবে আমার মাথার ওপর ছায়া হয়ে থাকেন।’
এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। দীর্ঘ ক্যারিয়ারে এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলায় ‘নতুন কুঁড়ি’তে নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন নাদিয়া। অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের ‘রজতজয়ন্তী’তে (২৫ বছরে) পদার্পণ করেছেন।
ভিনয়ের আগে নাদিয়ার নাচ শেখা। তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। এরপর শিশু একাডেমিতে শেখার পর, সাত বছরের ডিপ্লোমা কোর্স করেন তিনি ‘বাফা’ থেকে। প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। এরপর তিনি রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নাচ শিখেছেন। এরপরের গল্পটা সবারই জানা। আজ নাদিয়ার জন্মদিন। পরিবারের সঙ্গেই কাটবে জন্মদিনের পুরোটা প্রহর।
অভিনয় জীবনের রজতজয়ন্তী ও জন্মদিন প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের এই পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাইতো আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার বন্ধু-বান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি। আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি। কথা একটাই বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায় এবং সততার বিকল্প নেই।
আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতায় ভালোবাসায় আমি আজকের নাদিয়া। আর জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গেই দিনটি পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন। দর্শকদের যেন আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’
/এমএস