সংগীত তারকা হাবিব ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনো নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। এবার হাবিব ওয়াহিদ নতুন করে আলোচনায় এলেন। কারণ তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কোক স্টুডিও বাংলা সিজন-৩’-এর নতুন গান। গানের শিরোনাম ‘মহা জাদু’। বাউল সাধক খোয়াজ মিয়ার কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগরি রুস্তম।
গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে গানটি প্রকাশিত হয়েছে কোক স্টুডিওর ইউটিউব চ্যানেল থেকে। গানটি প্রকাশের পর থেকেই ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় ভাসছেন হাবিব। স্যোশাল মিডিয়ায় গানটি শেয়ার করে হাবিবের প্রতি প্রশংসাবাণী ছুড়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। খোয়াজ মিয়ার কথার সঙ্গে ফরাসি কবিতার অদ্ভুত এক সংমিশ্রণে নতুন এক আবহ তৈরি হয়েছে গানে। আর সংগীতে গানের মতোই জাদু দেখিয়েছেন হাবিব।
গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়। এর পর অনেক দিন এই সিজনের নতুন কোনো গান প্রকাশ পায়নি।
বিরতি ভেঙে গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গানের মাধ্যমে ‘কোক স্টুডিও বাংলা সিজন-৩’ ফিরেছে। এর পর গত ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘লং ডিস্ট্যান্স লাভ’। গান দুটি নিয়ে শ্রোতৃমহলে আলোচনার রেশ কাটতে না কাটতেই তাজিকিস্তানের গায়িকাকে সঙ্গে নিয়ে হাজির হলেন হাবিব। আর এই গানে শ্রোতাদের হৃদয় স্পর্শ করলেন।
/এমএস