‘নার্স দেবী’ নামে পরিচিত তাইওয়ানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন। সম্প্রতি মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান দেশটির জনপ্রিয় র্যাপার নামউই। দেখামাত্রই নামউই তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন।
পরে অচেতন অবস্থায়ই সিহ ইউ-সিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। জরুরি পরিষেবা নম্বরে যোগাযোগের প্রায় এক ঘণ্টা পর অ্যাম্বুল্যান্স পৌঁছায় বলেও অভিযোগ করেন নামউই।
তিনি বলেন, ‘‘যখন আমি ফোন করে জানতে চাইলাম, তখন তারা আমাকে উল্টো বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালাগাল করেছে।’’
সিহ ইউ-সিনের মালয়েশিয়া সফর সম্পর্কে জানা গেছে, তিনি শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন।
সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও বানাতেন। তার ম্যানেজার ক্রিস বলেন, “নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে।”