বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করেছে এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বর্তমান সময়ের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।
আরটিভি ইতিপূর্বে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার অলনাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকরা।
এই ৫ হাজার প্রতিযোগী থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’-এর চূড়ান্ত বাছাইপর্ব।
তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে। আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।
অনুষ্ঠানটি আজ ৮ নভেম্বর থেকে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। একই সঙ্গে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অনএয়ার শেষে আপলোড হবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে।
/এমএস