ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘদিন ধরেই দেশের বাণিজ্যিক সিনেমায় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে গত কয়েক বছরে তার সিনেমাগুলোয় ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন এই অভিনেতা।
সামনে নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে বড় পর্দায় হাজির হবেন শাকিব। সম্প্রতি এই সিনেমায় অভিনেতার লুক প্রকাশ্যে এসেছে, যা নিয়ে দর্শকদের আগ্রহু তুঙ্গে। তবে এর পাশাপাশি শাকিবের বিরুদ্ধে লুক ‘নকল’ করার অভিযোগও উঠেছে।
অনেক নেটিজেনের অভিযোগ, দক্ষিণ ভারতের মালায়লাম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের লুক নকল করেছেন বাংলাদেশের ‘কিং খান’। চলতি বছরের মার্চে মালায়লাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় পৃথ্বীরাজ এই একই লুকেই ধরা দেন।
দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন- দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেটে, ওপরে সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। মিল রয়েছে চশমা ও গোঁফে! দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ।
চোখে সানগ্লাস। তবে সানগ্লাসের পার্থক্য রয়েছে! শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন। ফলে দুজনকে একত্রে লুকের ক্ষেত্রে আলাদাও করা যাচ্ছে না।
চুলের স্টাইলেও ভিন্নতা নেই। দুজনের হেয়ারস্টাইলে রয়েছে মিল। ফলে পাশাপাশি দুজনকে একই লুকেই দেখা যাচ্ছে।
তার উপর শাকিব খানকে ‘সোলজার’ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলার যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে।
একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক, আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান। তাই দুই সিনেমার গল্পেও কোনো মিল থাকবে কি না এ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে!