মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির হয়ে জামিনের আবেদন জানান।
পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর টাকা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় নির্ধারিত তারিখে না যাওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গ্রেপ্তারি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য থাকে।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন ও তার ভাই নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেন। এ আশ্বাসে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন তারা। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবসা শুরু হয়নি। বরং পাওনা দাবি করলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
এ ছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন—আর টাকা চাইতে এলে মেরে ফেলা হবে। এতে বাদী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
ঘটনার পর ভাটারা থানায় গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
মেহেদী/