চলতি বছরের শুরুতেই ‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাবে ভূষিত হন প্রিয়াঙ্কা চৌধুরী। এর পর থেকেই মিডিয়ায় তার কাজের ব্যস্ততা একটু একটু করে বাড়তে থাকে। বিশেষত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ব্যস্ততা তার বেড়ে যায়। এরই মধ্যে বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের সঙ্গে তৌফিক অঙ্কুরের নির্দেশনায় ‘এসএমসি ড্রিংক ওয়াটার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া পেয়েছেন। একই পরিচালকের নির্দেশনায় রূপচাঁদা তেল, ফ্রেশ চিনির বিজ্ঞাপনেও মডেল হিসেবে তাকে দেখা গেছে।
তবে এই সময়ে যে বিজ্ঞাপনে কাজ করে প্রিয়াঙ্কা চৌধুরী সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন সেটি হলো ‘মেরিল পেট্রোলিয়াম জেলি’র বিজ্ঞাপন। এরই মধ্যে বিজ্ঞাপনটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ এই বিজ্ঞাপনে কাজ করেছেন সুপারস্টার শাকিব খান। বিজ্ঞাপনটিতে শাকিব খানকে কয়েকটি গেটআপে দেখা গেছে, যা রীতিমতো বিস্ময়কর। চারদিকে এই বিজ্ঞাপন নিয়েই এখন চলছে জোর আলোচনায়।
আবার বিজ্ঞাপনটি চোখে না পড়ারও কিছু নেই। কারণ বাংলাদেশের সব ক’টি টিভি চ্যানেলে, অনলাইন প্ল্যাটফরমে একটু পরপরই প্রচার হচ্ছে। শাকিব খানের সঙ্গে বৃদ্ধ বয়সের গেটআপের দৃশ্যটিতে যে মেয়েটিকে গ্লামারাসভাবে উপস্থাপন করা হয়েছে, তিনিই প্রিয়াঙ্কা চৌধুরী। এই বিজ্ঞাপন প্রিয়াঙ্কা চৌধুরীকেও যেন নিয়ে এসেছে বেশ আলোচনায়।
যারা তাকে চেনেন-জানেন তারা তো এই বিজ্ঞাপনে তাকে দেখে ভীষণ খুশি হয়েছেন। তার শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। মূলকথা, এর আগে যতগুলো বিজ্ঞাপনে কাজ করেছেন, তার মধ্যে শাকিব খানের সঙ্গে মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনে কাজ করে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন।
আদনান আল রাজীব নির্মিত এই বিজ্ঞাপনটিতে শাকিব খান প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলেন, ‘মা বলো তো নাম্বার ওয়ান কী?’ জবাবে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন,‘ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি’। এই দৃশ্যটিই যেন প্রিয়াঙ্কার মডেল হিসেবে ক্যারিয়ার সামনের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। কারণ ইন্ডাস্ট্রিতে শাকিব খান এখন যেমন একটি ফ্যাক্ট, তার সঙ্গে কাজ করাটাও যেন আরও সৌভাগ্যের।
ভিটামিন সির গুণে সমৃদ্ধ ‘মেরিল পেট্রোলিয়ায়ম জেলি’র এই বিজ্ঞাপনে শাকিব খানের সঙ্গে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, ‘এ আমার সত্যিই পরম সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুউব ভালো। বিজ্ঞাপনটি নির্মাণের ক্ষেত্রে সবকিছুই শতভাগ পারফেক্ট ছিল। আমি ভীষণ নার্ভাস ছিলাম, নতুন হিসেবে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করলেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন, খুউব সুন্দর মনের একজন মানুষ তিনি। আমি সত্যিই ভীষণ পুলকিত। এই বিজ্ঞাপন আমার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।’
প্রিয়াঙ্কা চৌধুরী নিয়মিত পোশাক সংগ্রহ করেন ‘সেলিব্রিটি চয়েজ’ থেকে। এরই মধ্যে প্রিয়াঙ্কা ‘সাওমি’, ‘বিভো’ ও ‘রিয়েল মি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। প্রিয়াঙ্কার ইচ্ছে আছে সিনেমাতেও কাজ করার।
/এমএস