তিন দশকের অভিনয় জীবনে একাধিক প্রজন্মকে প্রেমে পড়তে শিখিয়েছেন শাহরুখ খান। ‘রোমান্সের রাজা’ হিসেবে পরিচিত এই তারকা নিজেই ভেঙেছেন সেই ইমেজ। প্রেমিক চরিত্রের বাইরে গিয়ে উপহার দিয়েছেন ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ঘরানার হিট ছবি। আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এও দেখা যাবে তাঁর অ্যাকশন অবতার। এরপর কি এবার হলিউডের কিংবদন্তি গোয়েন্দা জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে তাঁকে? কী বললেন শাহরুখ?
সম্প্রতি কাজলের সঙ্গে লন্ডনের এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে তাকে প্রশ্ন করা হয়, “টানা অ্যাকশন ছবিতে অভিনয় করছেন, এরপর কি আপনাকে জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে?”
জবাবে হাসতে হাসতে শাহরুখ বলেন, “না, আমার উচ্চারণ ওর (জেমস বন্ড) মতো নয়। আর ‘শেকেন মার্টিনি’—ওর পছন্দের পানীয়—সেটাও আমার পছন্দ নয়। সত্যি কথা বলতে, আমি খুব বেশি লড়াইয়ের ছবিতে কাজ করিনি। করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর দেখলাম আমার জীবনে কাজল আছে।”
এরপর রসিকতা করে তিনি বলেন, “কাজল সামনে থাকলে আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় নাকি? তাই প্রেমের ছবিতেই বেশি কাজ করেছি।”
তবে শুধু কাজলের সঙ্গেই কি তাঁর অভিনয়সাফল্য সীমাবদ্ধ—এমন প্রশ্নে পাশে বসা কাজল নিজেই স্মরণ করিয়ে দেন যে, অন্য অভিনেত্রীদের সঙ্গেও তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।
শাহরুখ তখন বলেন, “হ্যাঁ, তবে যে ছবিগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেগুলোতে আমরা একসঙ্গেই কাজ করেছি—এটা অস্বীকার করা যাবে না। পরে আমি কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করেছি, যেগুলো করতে আমি দীর্ঘদিন ধরেই চাইছিলাম। ভালোও লেগেছে। তবে জেমস বন্ডের ব্যাপারে নিশ্চিত নই… তবে শন কনারিকে অবশ্যই চিনি।”
জেমস বন্ড চরিত্রে বছরের পর বছর অভিনয় করেছেন শন কনারি। তাঁর পাশাপাশি রজার মুর, ডেভিড নিভেন, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন ও ড্যানিয়েল ক্রেগও অভিনয় করেছেন এই বিশ্ববিখ্যাত গোয়েন্দার ভূমিকায়।
/রোদসী