ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘টিকটক বউ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।
সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়ানির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক।
নাটকের গল্পে দেখা যাবে, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি। মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি।
বিনোদনের পাশাপাশি নাটকটি বর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ্ম চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।