চলতি মৌসুমে নাটোরে মোট ৮৪ হাজার ৭০২ টন ভুট্টার উৎপাদন হয়েছে। বর্তমানে ভুট্টার বাজার মূল্য ২৭-২৮ টাকা কেজি। এ দাম পেয়ে লাভবান হওয়ায় কৃষকরা খুব খুশি।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোরে মোট ১১ হাজার ৩৮০ হেক্টর জমিতে ভুট্টাচাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৫৪৩ হেক্টর, নলডাঙ্গায় ১ হাজার ৫৫০ হেক্টর, সিংড়ায় ২০০ হেক্টর, গুরুদাসপুরে ১৮০ হেক্টর, বড়াইগ্রামে ২ হাজার ১৩৭ হেক্টর, লালপুর উপজেলায় ৬৮৫ হেক্টর এবং বাগাতিপাড়া উপজেলায় ১ হাজার ৮৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। চাষাবাদ শেষে মোট উৎপাদন হয়েছে ৮৪ হাজার ৭০২ মেট্রিক টন। গড় ফলন হয়েছে ২৪-২৫ মণ প্রতি হেক্টর।
সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের কৃষক দুলাল উদ্দিন জানান, তিনি ৩ বিঘা জমিতে ভুট্টাচাষ করেছিলেন এবং বিঘাপ্রতি ২৫ মণ ফলন পেয়েছেন। এতে তিনি বিঘাপ্রতি প্রায় ২৪ হাজার টাকা লাভ করেছেন। এ দাম পেয়ে তিনি খুশি এবং আগামী বছর আরও বেশি জমিতে ভুট্টাচাষের পরিকল্পনা করছেন।
নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকার কৃষক আরিফ জানান, তিনি ২ বিঘা জমিতে ভুট্টাচাষ করে প্রায় ৪৫ হাজার টাকা লাভ পেয়েছেন। আগামীতে আরও বেশি জমিতে ভুট্টাচাষে আগ্রহী তিনি।
দিঘাপতিয়া এলাকার পাইকারি ভুট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম মিঠু জানান, বর্তমানে ২৭-২৮ টাকা কেজি দরে ভুট্টা কিনছেন তিনি। কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনে ট্রাকে লোড করে সিরাজগঞ্জ ও ঢাকায় ফিড তৈরির কোম্পানিতে বিক্রি করছেন। এতে তার ভালো লাভ হচ্ছে।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘ভুট্টা একটি লাভজনক ফসল। এই ফসল চাষে খরচ কম হয়। দেশের মাছ ও পোলট্রি খাবার তৈরিতে ভুট্টার ব্যবহার হয়। ফলে সব সময়ই দাম ভালো পাওয়া যায়। এতে লাভবান হয়ে দিন দিন অধিক ভুট্টাচাষে মনোযোগী হচ্ছেন কৃষকরা।