‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিবেচনায় বইমেলার অনুমতি বাতিল করে দেয় পুলিশ।
দুই সপ্তাহ পর এবার পুলিশের সহায়তায় হচ্ছে প্রকাশকদের বইমেলা। সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী ১০ মে বইমেলার উদ্বোধন করা হবে। ‘মব তাড়াতে’ পুলিশের সহযোগিতায় বইমেলা হচ্ছে বলে জানা গেছে। আমন্ত্রণপত্রেও এ বিষয়টির উল্লেখ রয়েছে।
গতকাল শুক্রবার সিলেট প্রকাশক পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মে রবিবার থেকে ১৮ মে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রকাশক পরিষদ সিলেট বইমেলার আয়োজন করতে যাচ্ছে। মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
১০ মে রবিবার বেলা ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সহযোগিতায় থাকবে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও জেলা পরিষদ।
প্রকাশক পরিষদ থেকে বলা হয়, বাতিল হওয়া মেলায় কেবল সহযোগী হিসেবে সিলেট সিটি করপোরেশন ছিল। নতুন করে অনুমতি পাওয়া মেলায় সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পরিষদকে রাখা হয়েছে। মেলার আমন্ত্রণপত্রে সহযোগিতার বিষয়টি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে ২ মে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছে বলে একটি পত্র মারফত জানিয়েছিল।
মেলার আয়োজকরা পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি অবহিত করলেও অংশগ্রহণকারী প্রকাশনী সংস্থা সূত্র জানিয়েছে, একটি মহল থেকে মেলায় মব সৃষ্টির তৎপরতা ছিল।
প্রকাশক পরিষদের বইমেলাটি বিগত অন্তর্বর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল। তখনো অনুরূপভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাঁধাগ্রস্ত হওয়ায় প্রকাশকসহ লেখকরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ নিয়ে খবরের কাগজে ২৪ এপ্রিল ‘মবের ভয়ে প্রকাশক পরিষদের সিলেট বইমেলা বাতিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে চাঞ্চল্য দেখা দেয়। পরদিন দেশে ও বিদেশে থাকা ১৫০ জন বিশিষ্টজন বিবৃতি দিয়ে বইমেলার মতো সৃজনশীল প্রকাশনা বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান খবরের কাগজকে বলেন, ‘সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আমাদের আমন্ত্রণ করে বলেছেন–আপনারা বইমেলাটা করেন। যা হওয়ার হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করব। তাদের প্রতি আশ্বস্ত হয়ে পুনরায় মেলার আয়োজন করছি আমরা। এ জন্য সহযোগী হিসেবে সিসিক ও জেলা পরিষদের সঙ্গে পুলিশ প্রশাসনকে রাখা হয়েছে। আমরা চাই অন্তর্বর্তী সরকারের পুনরাবৃত্তি যেন এই সময়ে না হয়।’