হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম প্রাণকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এখানে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান হয়ে থাকে। এ ছাড়া গ্রুপ স্টাডির জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা এই টিএসসি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১২ হাজারের বেশি। দিনের প্রায় সব সময় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীর আনাগোনা থাকা ছাত্র-শিক্ষক কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম রয়েছে মাত্র তিনটি। এতে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী শিক্ষার্থীরা। কারণ তাদের জন্য এখানে আলাদা কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াশরুমের ভেতরের বেশির ভাগ লাইটই নষ্ট। সন্ধ্যার পর শিক্ষার্থীদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সেখানে যেতে হয়। ভেতরে নেই কোনো সাবান বা টিস্যুর ব্যবস্থা। ছাত্রীদের অভিযোগ, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত এ সংকটের সমাধান চান তারা।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা তাসনিম বলেন, ‘একটা মেয়ের পক্ষে সব সময় কমন ওয়াশরুম ব্যবহার করা সম্ভব নয়। এটা অনেক ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষ করে পিরিয়ডের সময়। এ ছাড়া অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমাদের ওয়াশরুমের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।’
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রেশমা বলেন, ‘ওয়াশরুম থেকে দুর্গন্ধ আসার কারণে ওইদিকে কেউ বসতে চান না। টিএসসির ওয়াশরুমের পাশের টেবিলগুলো প্রায় সব সময় খালি থাকে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ‘আমরা শৌচাগার আলাদা করার ব্যাপারে ভেবেছি। এ সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’