দেশের শিল্পখাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও বৈশ্বিক কমপ্লায়েন্স উপযোগী করে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং সুইসকন্ট্যাক্ট যৌথ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের প্রথম ইউজিসি অনুমোদিত “পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন সাস্টেইনেবল বিজনেস অ্যান্ড ইএসজি ম্যানেজমেন্ট (এসবিইএম)” প্রোগ্রামের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, সুইসকন্ট্যাক্টের ‘প্রগ্রেস’ প্রজেক্টের সহযোগিতায় এবং সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় চালু হওয়া এ প্রোগ্রামের লক্ষ্য হলো দেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পখাতে বৈশ্বিক ইএসজি কমপ্লায়েন্স ও সাস্টেইনেবিলিটি বিষয়ে দক্ষ পেশাজীবী তৈরি করা।
অনুষ্ঠানে ডিআইইউ’র হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক তাহসিনা ইয়াসমিন প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, কর্মজীবী পেশাজীবীদের সুবিধা বিবেচনায় রেখে কোর্সটির একাডেমিক কাঠামো সাজানো হয়েছে, যাতে চাকরির পাশাপাশি সহজেই কোর্স সম্পন্ন করা যায়।
ডিআইইউ’র সাস্টেইনেবিলিটি অফিসার ইব্রাহিম হোসেন প্রোগ্রামের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। অন্যদিকে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘প্রগ্রেস’ প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইয়েদুল আরেফিন বলেন, এই কারিকুলাম শিল্পখাতের বাস্তব চাহিদা পূরণ এবং বৈশ্বিক কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রথম সেমিস্টারের ফ্যাকাল্টি ও ট্রেইনারদের পরিচিতিও তুলে ধরা হয়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট সাস্টেইনেবিলিটি বিশেষজ্ঞরা এতে প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। তারা শিক্ষার্থীদের কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট, এনার্জি অডিটিং, সোশ্যাল কমপ্লায়েন্স এবং সিবিএএম ও সিএসআরডি’র মতো বৈশ্বিক রিপোর্টিং কাঠামো বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।
সমাপনী বক্তব্যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ইউনিভার্সিটি র্যাংকিং সেল ও সাস্টেইনেবিলিটি উইংয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মনির হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারের নতুন কমপ্লায়েন্স চাহিদা পূরণে এ পিজিডি প্রোগ্রাম দেশের শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/এসএল